সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় রিভালদো লিখেছেন, ‘কী অসাধারণ লড়াই, কী জয়ের ইচ্ছা, কী দুর্দান্ত মানসিকতা এবং পুরো দলের নিবেদন! বিশ্বকাপে সমর্থকরা মাঠে এমন পারফরম্যান্সই দেখতে চায়।’
ব্রাজিলের সাবেক এই তারকা আরও বলেন, ‘আমি ব্রাজিলিয়ান। নিজের দেশকে ভালোবাসি এবং সবসময় ব্রাজিলকেই সমর্থন করব। প্রতিদ্বন্দ্বিতা ফুটবলেরই একটি অংশ। কিন্তু কোনো দল যখন অসাধারণ ফুটবল খেলে এবং মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়, তখন তাদের প্রাপ্য স্বীকৃতি দিতেও জানতে হয়।’ ম্যাচে শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান লিওনেল মেসি। দলের দ্বিতীয় গোলটি করে তিনি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২১-এ উন্নীত করেন। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে এটি ছিল তার অষ্টম গোল, যা তাকে আবারও আসরের সর্বোচ্চ গোলদাতার আসনে ফিরিয়ে নিয়েছে।
মেসির পারফরম্যান্স নিয়ে রিভালদো বলেন, ‘লিও মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি সত্যিই অসাধারণ একজন ফুটবলার। ৩৯ বছর বয়সে, নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেও একই আবেগ নিয়ে আর্জেন্টিনার জার্সির জন্য লড়ছেন, উদযাপন করছেন, কাঁদছেন এবং আবারও ম্যাচের ভাগ্য বদলে দিচ্ছেন।’
ম্যাচ শেষে অশ্রুসিক্ত মেসির একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে আর্জেন্টিনাকে অভিনন্দন জানান রিভালদো। তিনি লেখেন, ‘এমন ম্যাচই ফুটবলের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং বিশ্বকাপকে বিশেষ করে তোলে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।’
