শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে উপাচার্যদের সঙ্গে ‘সংলাপ’ শীর্ষক দুই দিনব্যাপী আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী ১৯৮১ সালের ১৭ জানুয়ারি জিয়াউর রহমানের সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহার নৌবিহারে শিক্ষা সফরের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তখনও বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছিল। জিয়াউর রহমান সেদিন শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে থাকতে হয় না। আর সে কারণেই আমিও থেমে থাকব না।
শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষক সমাজকে আরও বেশি গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিগত সময়ে অধিক হারে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে তিনি বলেন, বেশি বিশ্ববিদ্যালয় হলেই হবে না; সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এ কারণে সরকার নতুন কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি।
তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। এ কাজ এগিয়ে নিতে উপাচার্যদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করারও আহ্বান জানান।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন উচ্চশিক্ষার উদ্দীপনা ও রূপান্তর প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০-এর বেশি উপাচার্যসহ নীতিনির্ধারক, দেশি-বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
