রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্ধারিত সময়ের আগেই তাদের জন্ম হয়েছে। কারও ওজন প্রত্যাশিত মাত্রায় নয়। নবজাতকদের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নবজাতকদের মায়ের নাম তিশা খাতুন। তিনি রাজশাহী মহানগরীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম নয়ন ইসলাম। অস্ত্রোপচারের মাধ্যমে চারটি সন্তানের জন্ম দেন তিশা। চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
স্বজনরা জানান, প্রসববেদনা শুরু হলে সোমবার (১৭ আগস্ট) বিকালে তিশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে তার অস্ত্রোপচার করা হয়। জন্মের পর নবজাতকদের হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়। তিশার স্বামী নয়ন ইসলাম বলেন, আল্লাহ আমাকে একসঙ্গে দুটি ছেলে ও দুটি মেয়ে দিয়েছেন। তারা যেন সুস্থ থাকে, এটাই দোয়া করি। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, চারটি শিশুর মধ্যে দুজনের ওজন ১ কেজি করে। একজনের ওজন ১ কেজি ১০০ গ্রাম এবং অন্যজনের ওজন ১ কেজি ৩০০ গ্রাম। এটি প্রত্যাশিত ওজন নয়। সাধারণত দেড় থেকে দুই কেজি ওজন হলে কিছুটা স্বাভাবিক ধরা যায়। কিন্তু চারটি শিশুরই ওজন স্বাভাবিকের চেয়ে কম। তারা নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছে। তাদের শারীরিক অবস্থা খুব খারাপ নয়, আবার পুরোপুরি ভালোও নয়। এ কারণে তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
