ঢাকা | বঙ্গাব্দ

বৃষ্টি হলেই থই থই করে বিদ্যালয়ের মাঠ, অফিস-ক্লাস ভাসে পানিতে

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
বৃষ্টি হলেই থই থই করে বিদ্যালয়ের মাঠ, অফিস-ক্লাস ভাসে পানিতে ছবির ক্যাপশন:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের দবরদস্তা আমিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বৃষ্টি হলেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। বিদ্যালয় মাঠ পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি অফিস কক্ষ ও শ্রেণিকক্ষেও পানি ঢুকে পড়ে। এতে বইপত্র, প্রয়োজনীয় নথি ও আসবাবপত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে এ সমস্যায় ভুগলেও এখনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের তুলনায় অফিস কক্ষ ও শ্রেণিকক্ষ নিচু হওয়ায় বৃষ্টির পানি দ্রুত ভবনের ভেতরে ঢুকে পড়ে। বিদ্যালয়ের পাশের একটি পুকুর বৃষ্টিতে উপচে পড়লে সেই পানিও বিদ্যালয় চত্বরে প্রবেশ করে। বিশেষ করে প্রধান শিক্ষকের কক্ষ ও শিক্ষক মিলনায়তন প্রায় সারাবছরই স্যাঁতসেঁতে থাকে।

পানি থেকে বইপত্র ও গুরুত্বপূর্ণ নথি রক্ষায় টেবিল, আলমারি ও অন্যান্য আসবাবপত্রের নিচে ইট দিয়ে উঁচু করে রাখা হয়েছে। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে হয়। ফলে শ্রেণিকক্ষের মেঝেও কাদায় ভরে থাকে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার জানায়, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার পর থেকেই প্রতি বর্ষায় বিদ্যালয়ে জলাবদ্ধতা দেখে আসছে। বর্ষাকালের প্রায় ছয় মাস নিয়মিত পাঠদান ব্যাহত হয়। মাঠে খেলাধুলাও করা যায় না। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান চায় তারা।

বিদ্যালয়ের শিক্ষক মজিবর রহমানসহ অন্য শিক্ষকরা জানান, বর্ষাকালে প্রায় ছয় মাস স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করে।

প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানা বলেন, বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ, অফিস কক্ষ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। বিষয়টি একাধিকবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিদ্যালয়ের পাশের পুকুর উপচে পড়ার কারণেই মূলত এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিদ্যালয়ে বর্তমানে ১২ জন শিক্ষক, ৬ জন কর্মচারী এবং ২৮২ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সমস্যাটি চললেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে জানতে ফুলবাড়ীয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেশের বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

বৃষ্টি হলেই থই থই করে বিদ্যালয়ের মাঠ, অফিস-ক্লাস ভাসে পানিতে

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 2, 2026