মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছে চার বছর বয়সী শিশু রাফসান। রাফসান ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদার পাড়া এলাকার আরশাদ আলীর ছেলে। রোববার দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে খেলার ছলে রাফসান একটি পাতাযুক্ত ডাল টান দিলে সেখানে আগে থেকে থাকা কয়েকটি ভিমরুল তাকে কামড় দেয়। এতে তার চোখমুখ লাল হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা রাফসানকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাবিনা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভিমরুলের কামড়ে রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।’
