ঢাকা | বঙ্গাব্দ

চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ, ছাত্রদলের শীর্ষ পদগুলোতে আলোচনায় যারা

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ, ছাত্রদলের শীর্ষ পদগুলোতে আলোচনায় যারা ছবির ক্যাপশন:

যে কোনো সময় ঘোষণা হতে পারে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। নতুন নেতৃত্বের অপেক্ষায় সংগঠটির নেতাকর্মীরা। 

আলোচনায় রয়েছেন একঝাঁক নতুন মুখ। শীর্ষ দুই পদ ঘিরে চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। একই সঙ্গে ঘোষণার অপেক্ষায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। 

দলীয় সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহের যে কোনো সময় নতুন কমিটি প্রকাশ করা হবে। নেতৃত্ব বাছাইয়ে আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন পদপ্রত্যাশী নেতারা ঢাবি ক্যাম্পাসে মিছিল-পদযাত্রার মাধ্যমে নিজেদের সক্রিয়তার পরিচয় দিচ্ছেন। 

ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ দুই পদে আলোচনায় রয়েছেন ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, খোরশেদ আলম সোহেল, কাজী জিয়া উদ্দিন বাসেত, এজাজুল কবির রুয়েল, এইচএম আবু জাফর, সালেহ মো. আদনান, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, আমান উল্লাহ আমান, শরীফ প্রধান শুভ, ফারুক হোসেন, মমিনুল ইসলাম জিসান, ডা. তৌহিদুর রহমান আউয়াল, তরিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক, রাজু আহমেদ, মিনহাজ আহমেদ প্রিন্স প্রমুখ। 

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও আবিদুল ইসলাম খানের নাম রয়েছে। গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান মাসুদ, তারেক হাসান মামুন, নাছির উদ্দীন শাওন ও জাহিদ হাসান শাকিলও সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছেন।

পদপ্রত্যাশীদের বক্তব্যেও বিষয়টি স্পষ্ট। নতুন কমিটি নিয়ে শেষ সিদ্ধান্ত দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি যাকে যে দায়িত্ব দেবেন, সেটিই মেনে নেওয়ার কথা জানিয়েছেন পদপ্রত্যাশীরা।

সভাপতি পদপ্রত্যাশী কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন, ছাত্ররাজনীতিকে শিক্ষার্থীবান্ধব ও গ্রহণযোগ্য করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তায় কাজ করতে হবে।

মমিনুল ইসলাম জিসান বলেন, সংগঠনের নেতাকর্মীরা নতুন কমিটির জন্য মুখিয়ে রয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে দেশ গড়ায় অংশ নেবে ছাত্রদল।

রাজু আহমেদ বলেন, নতুন নেতৃত্ব ও নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য সারা দেশের ছাত্রদল অপেক্ষা করছে। তারা আশা করছে, সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটি উপহার দেবেন।

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সময় আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। 

প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ, ছাত্রদলের শীর্ষ পদগুলোতে আলোচনায় যারা

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 16, 2026