সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ১৬১। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের সর্বশেষ সূচকে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা এবং ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।এর পরই রয়েছে ঢাকা। একই পর্যায়ে দূষণের উচ্চমাত্রায় থাকা শহরগুলোর মধ্যে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রাজধানী কিনশাসা, বাহরাইনের মানামা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
