ঢাকা | বঙ্গাব্দ

হরমুজ প্রণালি দখল করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ট্রাম্পকে

  • নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
হরমুজ প্রণালি দখল করা যাবে না, ইরানের  হুঁশিয়ারি ট্রাম্পকে ছবির ক্যাপশন:
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, তেহরানের নির্দেশ ছাড়া হরমুজ প্রণালি বন্ধ বা পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার মন্তব্যও প্রত্যাখ্যান করেছেন তিনি।

নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক নির্বাচনি প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, ইরানের পরাজয়ের পর খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন তিনি। খবর মেহের নিউজ এজেন্সির। 

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গারিবাবাদি বলেন, ‘টুইট করে, বিমানবাহী রণতরী পাঠিয়ে, কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনি বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা যাবে না।’ তিনি আরও বলেন, ইরান হুমকি কিংবা শক্তির প্রদর্শনকে ভয় পায় না।  

অন্য এক পোস্টে ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’ ওয়াশিংটন তাদের ‘কৌশলগত ও বড় ধরনের পরাজয়’ মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের মধ্যেই এমন পাল্টাপাল্টি বক্তব্য এলো। গত ফেব্রুয়ারিতে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।

পরে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে একটি সমঝোতা স্মারক হলেও তা শেষ পর্যন্ত ভেঙে যায়। এরপরও উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ আরও তীব্র হয়েছে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স
Logo

হরমুজ প্রণালি দখল করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ট্রাম্পকে

dailyneighbour.com
নিউজ লিংক কমেন্টে
Aug 15, 2026