নেইবার প্রতিবেদন:
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আদালতে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চার্জশিট গৃহীত হওয়ার পর বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ১৩ ধারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার। সোমবার মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যা বলা হয়েছে প্রজ্ঞাপনে
প্রজ্ঞাপনে বলা হয়, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন-২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট সব আইন ও বিধি-বিধান মেনে চলা বাধ্যতামূলক।
কিন্তু সংশ্লিষ্ট ৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬, ৪২০, ৩৮৫, ৩৮৬, ৪২৭ ও ৩৪ ধারায় দায়ের করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও গৃহীত হয়েছে। এ কারণে জনস্বার্থে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
১০০ এজেন্সির বিরুদ্ধে মামলা
মন্ত্রণালয় সূত্র জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে ৪৯টি এজেন্সির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আদালত চার্জশিট গ্রহণ করার পরই এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার।
যেসব এজেন্সির লাইসেন্স বাতিল
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— ইউনিক ইস্টার্ন (প্রা.) লিমিটেড, অরবিটাল এন্টারপ্রাইজ, মেসার্স শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড, মেসার্স কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড, জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার কর্পোরেশন, আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, অরবিটালস ইন্টারন্যাশনাল, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মেসার্স স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড এবং মেসার্স এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেড।
