বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী মানুষ। অনেককে সড়কে জমে থাকা পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। কোথাও জমে থাকা পানি যানবাহনের চাকার চাপে পথচারীদের শরীরে ছিটকে পড়তেও দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত থেকে আজিমপুর কবরস্থানমুখী নিউমার্কেটের সামনের সড়কে পানি জমেছে। ঢাকা কলেজের সামনের সড়কেও জলাবদ্ধতা দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশেও মোটামুটি সক্রিয় রয়েছে।
এদিকে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ফলে রাজধানীতে আবারও বৃষ্টি হলে নিচু এলাকার সড়কে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা রয়েছে।
