রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত অভিযানে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৭০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ২৪ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৪০ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ৪৪ জন, উত্তরায় ৪৭ জন, ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪,১৪২টি ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার এবং একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
