প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের যত্ন নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান।রোববার (২৩ আগস্ট) ঐতিহাসিক শহর তাইফে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সৌদি গ্র্যান্ড মুফতি।
বৈঠকে শেখ আল-ফাওজান বলেন, সমাজের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যদের যত্ন নেওয়া মানুষের মধ্যে দয়া, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মতো গুণাবলি আরও শক্তিশালী করে।
তিনি প্রতিবন্ধী শিশুদের যত্ন, পুনর্বাসন ও তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেছেন, প্রতিবন্ধীদের সেবা ও সহযোগিতা ইসলামি শরিয়াহর উৎসাহিত গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোর একটি।
তাইফে জেনারেল প্রেসিডেন্সি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তাইফ চ্যারিটেবল অ্যাসোসিয়েশন ফর পিপল উইথ ডিজঅ্যাবিলিটিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সাঈদ বিন আলী আল-জাহরানি উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন সংস্থাটির কর্মকর্তারা এবং কয়েকজন প্রতিবন্ধী শিশু।
বৈঠকে গ্র্যান্ড মুফতিকে সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংস্থাটির দেওয়া পুনর্বাসন, শিক্ষা ও সামাজিক সেবার বিষয়গুলোও তুলে ধরা হয়।
শেখ আল-ফাওজান প্রতিবন্ধী শিশুদের সহায়তা ও পুনর্বাসনে সংস্থাটির কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে উপকারভোগীদের সেবায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মীদের নিষ্ঠারও প্রশংসা করেন।
বৈঠকে উপস্থিত প্রতিবন্ধী শিশুদের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য দোয়া করেন সৌদি গ্র্যান্ড মুফতি। তাদের বাবা-মা ও পরিচর্যাকারীদের প্রচেষ্টার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন তিনি।
এ সময় শিশুদের জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হওয়া এবং উত্তম নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান শেখ আল-ফাওজান।
